
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের মাথাব্যথার বড় কারণ এখন অবনমন ঠেকানো। সেরি’আতে ধুঁকতে থাকা ক্লাবটি আছে পয়েন্ট টেবিলের শেষের দিকে। এর মধ্যে দলের সবচেয়ে বড় তারকা নেইমার আছেন চোটে। ঘরের ছেলেকে তেমন একটা মাঠেই পায়নি সান্তোস।
নেইমারের সঙ্গে নাকি এখন চুক্তিও রিনিউ করতে খুব একটা আগ্রহী নয় ব্রাজিলের ক্লাবটি।জানুয়ারিতে আল হিলাল থেকে সান্তোসে যোগ দেওয়ার সময় নেইমারের প্রত্যাবর্তনকে যেন এক রূপকথার গল্পে রাজপুত্রের ঘরে ফেরা হিসেবেই দেখা হচ্ছিল। ব্যাপক উৎসহ আর উদযাপনের মধ্য দিয়েই দ্বিতীয় দফায় সান্তোসে ফিরেন নেইমার। স্বাভাবিকভাবেই প্রাক্তন বার্সেলোনা তারকার কাছ থেকে ক্লাবটির আশাও ছিল আকাশছোঁয়া। তবে সে আশায় গুঁড়েবালি হয়, যখন একের পর এক চোট নেইমারকে ছিটকে দেয়। খবর অনুযায়ী, সান্তোসের পরিচালনা পর্ষদ এখনই নতুন চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী নয়। নেইমারের শারীরিক অবস্থা এবং তাঁর বিপুল বেতনের আর্থিক চাপ নিয়ে ক্লাবটির মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বছরের ডিসেম্বরে শেষ হবে নেইমারের বর্তমান চুক্তি। পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে। এদিকে,চোটের আঘাতে বিপর্যস্ত নেইমার এই সিজনে এখন পর্যন্ত মাত্র ২১ ম্যাচ খেলেছেন।
৬ গোলের সঙ্গে তিন গোলে সহায়তা করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। শেষ ১৯ সেপ্টেম্বর ডান উরুর পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে আছেন। সান্তোস কর্মকর্তারা অবশ্য বলছেন, আলোচনায় বিরতি দিলেও দু’ পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাদের মতে, নেইমারকে আগে সম্পূর্ণ ফিট হতে হবে, তারপরই দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনায় ফেরা সম্ভব।
