
পড়ুয়াদের বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগানের জেরে ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ফিরে যেতে হয়েছে এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং রাজ্যের মন্ত্রী তথা কসবার বিধায়ক জাভেদ খানকে। আন্দোলকারী পড়ুয়ারা স্বর্ণকমল এবং জাভেদের উদ্দেশে বলেছেন, তাঁরা ঐতিহ্যবাহী মেডিক্যাল কলেজকে আরজি কর বানাতে দেওয়া হবে না।
তাই তাঁরা অবস্থান শুরু করেছেন। লাগাতার আন্দোলন চলবে। এক মুহুর্তের জন্য অধ্যক্ষের ঘরের সামনের দরজা ছাড় হবে না। সন্দীপ ঘোষ-কে ন্যাশনাল মেডিক্যালে এখানে পাঠানো মানে, এখানকার নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। পড়ুয়াদের ক্ষোভ-বিক্ষোভের কথা মন দিয়ে শোনেন স্বর্ণকমল এবং জাভেদ। তাঁরা পড়ুয়াদের জানান, কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। পড়ুয়াদের আপত্তি এবং ক্ষোভের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলে আশ্বাস দেন স্বর্ণকমল। স্বর্ণকমলের সামনে নিজেদের ভয় এবং ক্ষোভের কথা উগরে দিয়েছেন ন্যাশনাল মেডিক্যালের পড়ুয়ারা। আরজি করের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে চাপিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভরত পড়ুয়ারা। ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাতে নতুন কর্মস্থলে ঢুকতে না পারেন, সেই কারণে গেটে তালা ঝোলানোর পরিকল্পনা করছেন পড়ুয়ারা। মঙ্গলবার ন্যাশনাল মেডিক্যালে কিছু পড়ুয়ার পরীক্ষা রয়েছে। তাঁদের প্রশাসনিক ভবনের ভিতরে ঢুকে পড়তে বলা হয়েছে। তার পর গেটে তালা দিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
