
একটি তিথি ছেড়ে অন্য তিথির সন্ধিক্ষণে খুব একটা ফারাক নেই। সপ্তমী-অষ্টমী কিংবা অষ্টমী-নবমী একইদিনে দেখা যাওয়ার ইতিহাস থাকলেও, মায়ের বোধন থেকে দশমীর বিসর্জন পর্যন্ত তিথির মিলেমিশে একাকার হয়ে যাওয়ার ছবি বিরল। বিগত আট থেকে দশবছরের বেশি সময় এই ধরণের প্রত্যক্ষ করেনি আপামর বাঙালি।এবারের দুর্গাপুজোর সমস্ত কিছু নাকি সকালে। অত সকালে কীভাবে পুজোয় যোগ দেবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে আশঙ্কার শেষ নেই। আসুন তাহলে জেনে নিই ষষ্ঠী থেকে দশমীর নির্ঘন্ট থেকে শুরু করে বোধন, কলাবৌ স্নান, অঞ্জলি, সন্ধিপুজো ও বিসর্জনের এবার কোন সময়। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে মঙ্গলবার ৮ অক্টোবর পঞ্চমী থাকছে সকাল ৭টা ৯ পর্যন্ত। তারপর থেকেই ষষ্ঠী শুরু হয়ে থাকছে ৯ অক্টোবর বুধবার সকাল ৭টা ৩২ পর্যন্ত। তারপর শুরু সপ্তমী। থাকছে ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ পর্যন্ত। অষ্টমী থাকছে ১১ অক্টোবর শুক্রবার সকাল ৬টা ৪৮ পর্যন্ত। অষ্টমীর শেষেই হবে অঞ্জলি। সন্ধিপুজোর সময় ৬.৩৪ মিনিটে শুরু হয়ে ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ড থেকে বলিদান। ৭টা ১২ মিনিটর মধ্যে সন্ধিপুজো শেষ। নবমী থাকছে ১২ অক্টোবর শনিবার সকাল ৫টা ৪৪ পর্যন্ত। দশমী থাকছে রবিবার ভোররাত ৪টা ১৪ পর্যন্ত। পঞ্জিকা মতে, ১২ অক্টোবর বিজয়া দশমী। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে ষষ্ঠীর বোধন, ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। মহাসপ্তমী ১০ অক্টোবর বৃহস্পতিবার পুজো আরম্ভ ভোর ৫.৩০ থেকে। মহাষ্টমী ১১ অক্টোবর শুক্রবার মহাষ্টমীর পুজো আরম্ভ ভোর ৫.৩০ থেকে। কুমারী পুজো সকাল ৯.০০ থেকে শুরু। সন্ধিপুজো সকাল ১১.৪৩ থেকে দুপুর ১২.৩১-এর মধ্যে। মহানবমী ১২ অক্টোবর শনিবার পুজো আরম্ভ ভোর ৫.৩০ থেকে। হোম হবে সকাল ৯.৪৫ মিনিটে। বিজয়াদশমী ১৩ অক্টোবর রবিবার পুজো আরম্ভ ভোর ৬.৩০ থেকে, বিসর্জন শুরু ৬.৪৫ থেকে।
