পড়ুয়াদের চাপে নতিস্বীকার, পদত্যাগ উত্তরবঙ্গর ডিন-র

0
289
Resignation due to student pressure
Resignation due to student pressure
পড়ুয়াদের লাগাতার আন্দোলনের কাছে নতি স্বীকার করে পদত্যাগ করেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্ত ও অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল।
প্রায় ৬ ঘণ্টা ধরে পড়ুয়াদের টানা বিক্ষোভ ও আন্দোলনের চাপে বুধবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন তাঁরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অধ্যক্ষ ও ডিনকে ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় উঠে এসেছে একের পর এক অভিযোগ। বেশ কয়েক ঘণ্টা ধরে এদিন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল পদত্যাগ করেন। তবে সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, তিনি কোনও ঘটনার দায় স্বীকার করছেন না। শুধুমাত্র ছাত্রদের দাবি মেনে পদত্যাগ করেছেন তিনি। এদিন মূলত অভীক দে-গোষ্ঠীর বিরুদ্ধে সরব হন উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসকরা। তাঁর বিরুদ্ধে পোস্টার দেওয়া হয় কলেজে। এরই মধ্যে, অভিযোগ ওঠে, বিশেষ একজন ছাত্র নেতার নম্বর সাদা কালি দিয়ে মুছে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগেই ছাত্র-ছাত্রী সহ অধ্যাপকরা ঘিরে ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন ও প্রিন্সিপালকে। হুমকি, দাদাগিরি, তোলাবাজির পাশাপাশি একজন ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের একজন অধ্যাপিকা। পড়ুয়াদের বিক্ষোভের চাপে পরীক্ষায় কড়া গার্ড না দেওয়ার জন্য যে তাঁর কাছে ফোন আসত বুধবার তাও স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্ত।