
স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টায় স্বামী ও আগ্নেয়াস্ত্র সহ সুপারি কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্বামী নুর হোসেন ফকির ও অভিযুক্ত দুষ্কৃতী সাহিল খান ৷ স্থানীয় সূত্রে খবর, আড়াই বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির সঙ্গে বিয়ে হয় জীবনতলার বাসিন্দা নূর হোসেনের। বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে নুর ৷ এই নিয়ে প্রতিনিয়ত পারিবারিক অশান্তি চলতো দু’জনের৷ সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুরের বেলেগাছির নবপল্লিতে সালিশি সভা ডাকা হয় ৷ বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী ৷ চিৎপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৄতি হিসেবে চিহ্নিত ৷ তাকে ভাড়া করে নিয়ে আসে নুর ৷ গোপন সূত্রে খবর পেয়ে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় নুরকে ৷ তল্লাশি অভিযান চালিয়ে আসমিন বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ ৷









