
সুপ্রিম কোর্টের নির্দেশে সায় দিয়ে পরাজিত প্রার্থীদের জন্য ইভিএমের নিরপেক্ষতা যাচাইয়ের একাধিক বিকল্প ব্যবস্থা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল লোকসভা ও বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থীদের মধ্যে কেউ যদি ইভিএমের নিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করেন তাহলে তাদের যাচাইয়ের সুযোগ দিতে হবে।সেই প্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে একটি এসওপি জারি করে বলা হয়েছে, পরাজিত প্রার্থীরা চাইলে লোকসভা বা বিধানসভা কেন্দ্রের যে কোনও বুথের ইভিএম তুলে নিয়ে ফের মক পোল করে দেখতে পারেন প্রার্থীরা। চাইলে যে কোনও সিরিয়াল নম্বরের ইভিএম বা ভিভিপ্যাট তুলে নিয়ে পরীক্ষা করা যেতে পারে। একই কেন্দ্রে সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত ইভিএম পরীক্ষা করে দেখা যেতে পারে। যদিও বিরোধীরা বলছে, নির্বাচন কমিশন যে বন্দোবস্ত করেছে সেটা আসলে ভোটের আগে যে মক পোল হয়, সেটারই শামিল। এতে কোনও নতুনত্ব নেই।
