পরিচালকদের বয়কট, টলিউডে ক্যামেরা বন্ধ

0
332
Deadlock maintained in Tolipara all shooting stopped
Deadlock maintained in Tolipara all shooting stopped

সপ্তাহের শুরুতেই টলিউডের ক্যামেরা বন্ধ।সোমবার খাঁ খাঁ করছে টেকনিশিয়ান স্টুডিও, দাশানি স্টুডিও তথা গোটা সিনেমাপাড়া। কর্মবিরতির কারণে শুটিংও হচ্ছে না।পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে দ্বন্দ্ব অব্যাহত। সমস্যা না মেটা পর্যন্ত সোমবার থেকে ফ্লোর বয়কট করছেন পরিচালকরা।

এই বিষয়ে স্বাক্ষর সংগ্রহ করে আন্দোলনে নামলেন সৃজিৎ মুখোপাধ্যায় থেকে অরিন্দম শীল, অপর্ণা সেন থেকে কৌশিক গঙ্গোপাধ্যায় সকলেই। ডিরেক্টর্স অ্য়াসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্সের বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে পরিচালকদের অনুপস্থিত থাকতে বলা হচ্ছে।পরিচালক সংগঠনের বিবৃতিতে আরও বলা হয়েছে, অধিকাংশ পরিচালক সদস্যদের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়েই ফ্লোর বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোশাল মিডিয়াতেও অভিযোগ করা হয়েছে, ২৭ জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিওতে ছিল।ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানরা সেই শুটিংয়ে উপস্থিত হননি, ফলত শুটিং করাই যায় না এবং ওখানে উপস্থিত পরিচালক, অভিনয় শিল্পী সকলে চূড়ান্ত অপমানিত হন। এই সূত্র ধরেই যতক্ষণ না রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনের কলাকুশলীরা শুটিং করতে রাজি হচ্ছেন, ততক্ষণ পরিচালকরা মীমাংসা না হওয়া পর্যন্ত অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছেন । গিল্ডের টেকনিশিয়ানরা যেভাবে অসহযোগিতা করছেন, তা শুধু রাহুলের জন্য নয়, পরিচালকদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক।