
ক্লাসরুমে প্রথম বর্ষের এক ছাত্রকে বিয়ে করে বিতর্কে জড়িয়েছিলেন ম্যাকাউটের এক শিক্ষিকা। এবার সেই প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়েই পরীক্ষা চলাকালীন ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে এমটেকের প্রথম বর্ষের এক ছাত্রী।
সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ। অভিযোগ, ওই ছাত্রীকে পরীক্ষা চলাকালীন হেনস্থা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সেই অপমানে আত্মহত্যা করেছেন তিনি। মৃতার নাম সায়নী সেন। স্নাতকোত্তরের প্রথম বর্ষের ওই ছাত্রীর বাড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। জানা যাচ্ছে, পরীক্ষা চলাকালীন এক শিক্ষক তাঁকে হেনস্থা করেন। পরীক্ষা শেষ হওয়ার পর বেরিয়ে বিশ্ববিদ্যালয় ভবনের পাঁচতলা থেকে ঝাঁপ দেন সায়নী। সহপাঠী এবং অন্যান্য পড়ুয়ার অভিযোগ, এক শিক্ষকের ব্যবহারে অপমানিত হয়ে আত্মহত্যা করেছেন সায়নী। এ নিয়ে সোমবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোরগোল শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের অদূরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ম্যাকাউটের পড়ুয়াদের একাংশ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার সহপাঠীদের। পুলিশ কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও।
তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ছাত্রীর আত্মহত্যা’র পরে এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে থানায় কোনও অভিযোগ জমা পড়েনি।









