পশ্চিমবঙ্গের সংস্থাকে কালো তালিকাভুক্ত কর্নাটকের 

0
159
ছবি সৌজন্যে :সংগৃহীত
প্রসূতি মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গের এক সংস্থার সরবরাহ করা স্যালাইনের নিম্নমানকে দায়ী করে কালো তালিকাভুক্ত করেছে কর্নাটক সরকার।
সংস্থাটি পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দফতরের সঙ্গে একই স্যালাইন বা রিঙ্গারস ল্যাকটেট সরবরাহের ব্যাপারে চুক্তিবদ্ধ। তাদের ওই স্যালাইন-ই দেওয়া হয় রাজ্যের সব সরকারি হাসপাতালে সদ্য প্রসূতিদের।কর্নাটক স্টেট মেডিক্যাল সাপ্লাইজ কর্পোরেশন-এর সঙ্গে চুক্তির ভিত্তিতে ওই রাজ্যের সরকারি স্বাস্থ্য ক্ষেত্রেও প্রসূতিদের জন্য প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করত পশ্চিমবঙ্গের ইসলামপুর এলাকার সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। ৯ নভেম্বর কর্নাটকের বেলারি জেলা হাসপাতালে ১৪ জন প্রসূতির সিজার হওয়ার পরে তাদের মধ্যে সাত জনকে ওই সংস্থার স্যালাইন দেওয়া হয়েছিল। তারপরেই তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। তাদের মধ্যে চার প্রসূতির মৃত্যু হয়।কর্নাটকের রাজীব গান্ধী ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর তরফে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হয় এবং জানানো হয়, চিকিৎসক ও হাসপাতালের তরফে কোথাও কোনও ত্রুটি ছিল না। যে স্যালাইন ব্যবহার করা হয়েছে, সেটিই প্রসূতিদের মৃত্যুর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি স্বাস্থ্যকর্তাদের জরুরি বৈঠকের পরে কর্নাটক সরকার পশ্চিমবঙ্গের ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করার কথা ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু তাই নয়, ওই স্যালাইনকে ছাড়পত্র দেওয়ার জন্য কর্নাটকের ড্রাগ কন্ট্রোলারকেও সাসপেন্ড করা হয়েছে। স্যালাইনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে কর্নাটক স্বাস্থ্য দফতর আলাদা ভাবে তদন্ত শুরু করেছে।