
৫ বছরে বয়স বেড়েছে ৭ বছর। ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের আবহে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বয়স নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
চলতি বছর বারহেত বিধানসভা থেকে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর বয়সে ধরা পড়েছে গড়মিল।
কারণ ২০১৯ সালে যেখানে হেমন্ত সোরেনের বয়স ছিল ৪২, সেখানে মনোয়নে ২০২৪ সালে তাঁর বয়স উল্লেখ করা হয়েছে ৪৯। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে মুখ্যমন্ত্রীর বয়স একলাফে সাত বছর বেড়ে গিয়েছে। বয়স বিতর্কের জেরে বিরোধী দলনেতাদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে হেমন্ত সোরেনকে।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, জাহারখণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়ন বাতিল করার দরকার নেই। আসন্ন ভোটে সাধারণ মানুষই তাঁকে পরাজিত করবে। অন্যদিকে, হেমন্ত সোরেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে ঝাড়খণ্ড বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি বলেছেন, মুখ্যমন্ত্রী চিরকালই এমনটা করে এসেছে। তিনি সম্পূর্ণ ভুল পথ অবলম্বন করেছেন। হলফনামায় অন্তত সবকিছু ঠিকঠাক রাখা উচিত ছিল। এরপরেই পাল্টা জবাবে জেএমএম নেতা মনোজ পাণ্ডে জানিয়েছেন, তাদের দল কোনওকিছু গোপন করে না। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। সেই সময় রিটার্নি অফিসার তো কোনও ভুলত্রুটি ধরেননি। এখন বিজেপি হেরে যাওয়ার ভয়ে নতুন ষড়যন্ত্র করছে। জেএমএম দল ভুয়ো মানুষদের দল নয়।
ছবি সৌজন্যে : এক্স
