
পাওনা টাকা চাইতে গিয়ে খুন বৃদ্ধর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ভরতপুরে। পুলিশ সূত্রে খবর মৃত বৃদ্ধ বছর ৬৫-র দীনবন্ধু পাল।
জানা গিয়েছে, শনিবার ভরতপুরের গুন্দুরিয়া গ্রামের মধুপুরে করুনা বাগ্দী নামের একজনের বাড়িতে রক্তের দাগ মেলে। তাঁর বাড়ির কাছের মাঠে বস্তাবন্দি বৃদ্ধর দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবার সূত্রে খবর, ছয় হাজার টাকা পেত দীনবন্ধু পাল করুনা বাগ্দীর কাছে। আর সেই পাওনা টাকা চাইতে গিয়েই তাকে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
