
বোমায় বালকের মৃত্যু, চাষের জমি থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বুধবারও থানায় বিক্ষোভ লকেট চট্টোপাধ্যায়ের।
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেছেন পরপর দুদিন দুটো বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশের কোনও হেলদোল নেই। তাঁর কথায় পাণ্ডুয়া এখন দ্বিতীয় সন্দেশখালিতে পরিণত হয়েছে। ভোটের আবহে সোমবার বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু হয়। পরের দিন মঙ্গলবার চাষের জমি থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। এরপরেই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবারের পর বুধবারও পাণ্ডুয়া থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান লকেট চট্টোপাধ্যায়। এদিকে বারাসতের তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিকের বিরুদ্ধে বিজেপি কর্মীকে পুলিশের সামনে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পরেই বারাসত থানায় সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা।
