
চ্যাম্পিয়নস লিগে দেড় যুগ আগে যে দলের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল ১৮ বছর পর সেই পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল।
তাদেরই মাঠে পিএসভিকে রীতিমতো বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল মিকেল আরতেতার দল।পিএসভির মাঠ ফিলিপস স্টেডিয়নে শেষ ষোলোর প্রথম লেগে ৭-১ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধে তিনটির পর দ্বিতীয়ার্ধে চারটি গোল করেছে তারা।চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোলের ঘটনা এটিই প্রথম।চোটের কারণে দলে ছিলেন না বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। তাদের অনুপস্থিতে দেড় যুগ আগের পুনরাবৃত্তির আশঙ্কায় একই মাঠে নেমেছিল মিকেল আর্তেতার দল। তার ওপর ছিল প্রিমিয়ার লিগে টানা দু’ ম্যাচে জয়হীন থাকার হতাশা। তবে এইসব হতাশা পেছনে ফেলে ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তিন মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। আর ৩১ মিনিটে স্কোরলাইন ৩-০ হয় মিকেল মেরিনোর সৌজন্যে।৪৩ মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান পিএসভি।আর্সেনালের টমাস পার্টি বক্সে পিএসভির লুক ডি ইয়ংকে ফেলে দেওয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি।পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং।৩-১ ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে নামা আর্সেনাল ৪৭ মিনিটে মার্টিন ওডেগার্ড ও পরের মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে বড় জয়ের পথে এগিয়ে যায়। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওডেগোর্ড। আর ৮৫ মিনিটে পিএসভির কফিনে সপ্তম পেরেক ঠুকে দেন কালাফিওরি।
অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুজকে, তবে জার্মান ক্লাব ডর্টমুন্ড নিজেদের মাঠে এগিয়েও লিওর বিপক্ষে মাঠ ছেড়েছে ১-১ ড্র নিয়ে।
