
পুলিশি হেফাজত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে অসমের নওগাঁয় নাবালিকাকে গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের। শুক্রবার গভীর রাতে পুলিশি হেফাজত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন অভিযুক্ত।
দীর্ঘক্ষণ পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশির পর শনিবার সকালে ওই পুকুর থেকেই উদ্ধার হয় তার দেহ। এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা।বছর ১৪র ওই কিশোরী বৃহস্পতিবার সন্ধ্যায় সাইকেলে টিউশন থেকে বাড়ি ফিরছিল। সেই সময়েই তিন যুবক তাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। একটি পুকুরের ধারে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল।ওই ঘটনায় শুক্রবারই এক জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই যুবকই ঘটনায় মূল অভিযুক্ত। পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়েই ওই অভিযুক্ত যুবক পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেন এবং কাছেই একটি পুকুরে ঝাঁপ দেন। পুলিশকর্মীরা তাঁকে খুঁজতে সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু করেছিলেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সহযোগিতায় ওই পুকুর থেকে অভিযুক্তের দেহ উদ্ধার হয়।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পালানোর চেষ্টা করলে, তাঁকে বাধা দিতে গিয়ে এক পুলিশকর্মী আহত হয়েছেন। তবে কী ভাবে ওই অভিযুক্ত পুলিশের হেফাজত থেকে পালালেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।পাশাপাশি ঘটনায় বাকি দুই অভিযুক্তকে পাকড়াও করার জন্য অভিযান চালাচ্ছে তদন্তকারী দল।
