
শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবারের পুজোতেও সম্ভবত জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি মামলার জামিন হচ্ছে না পুজোর আগে।
ইঙ্গিতে এমনটাই জানিয়ে দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থের বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। শীর্ষ আদালতে সেটিরও পরবর্তী শুনানি রয়েছে ১৭ অক্টোবর। অর্থাৎ, পুজোর পরে। সে ক্ষেত্রে কোনও অবস্থাতেই পুজোর আগে জেলমুক্তি হচ্ছে না পার্থর। এই নিয়ে টানা তিনটি দুর্গাপুজো জেলেই থাকতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। আগামী সোমবার হাইকোর্টে ফের উঠবে পার্থের জামিন মামলা।প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতাকেও গ্রেফতার করেছিল ইডি।
