
রাতে ঘুমন্ত অবস্থায় তিন জনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নতুনগীত গ্রামে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মা ও ছেলের।
হাসপাতালে গুরুতর জখম হয়ে ভর্তি রয়েছেন বাবা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া করে একতলা বাড়িতে জানালা খুলে ছোট ছেলে আয়ান শেখকে নিয়ে ঘুমোচ্ছিলেন নতুনগীত গ্রামের বাসিন্দা বছর চল্লিশের শেখ তুতা। ঘরে ছিলেন স্ত্রী রুপা বিবিও। অভিযোগ, কেউ বা কারা জানালা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। রুম্পা বিবির চিৎকার চেঁচামেচিতে দৌড়ে এসেছেন পাশের ঘরে শুয়ে থাকা তাঁর বড় ছেলে শেখ রাজ। চেঁচামেচি শুনে গ্রামের লোকজনও বাড়ির সামনে জড়ো হয়েছেন। ততক্ষণে তিন জনই আগুনে ঝলসে গিয়েছেন বলে দাবি তুলেছেন গ্রামবাসী। এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে বগটুইকাণ্ডের কথা। অগ্নিদগ্ধ তিন জনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তারপরেই তাঁদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আয়ান শেখ ও রুম্পা বিবির মৃত্যু হয়েছে । হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তুতা শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।
