
মহারাষ্ট্রের পুণেতে মহিলা সহকর্মীকে প্রকাশ্যে অফিস চত্বরে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে পুণের ইয়েরওয়াড়া এলাকায়।
একটি বিপিও সংস্থার পার্কিং লটে প্রকাশ্যে তরুণীর উপর হামলা করেন এক যুবক বলে অভিযোগ। অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয় ২৮ বছর বয়সী শুভদা কোদারের। পরে মারা যান তিনি। সেই ঘটনারই একটি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। অন্যান্য সহকর্মীদের চোখের সামনেই তাঁকে ধারালো কাটারি নিয়ে আঘাত করেন ওই যুবক বলে অভিযোগ। সেই দৃশ্য সকলে দাঁড়িয়ে দেখলেও কেউ তাঁকে বাধা দিতে এগিয়ে আসেননি। হাসপাতালে নিয়ে যাওয়া পর রাতে মারা যান শুভদা কোদার বলে খবর। এই ঘটনায় একটি বিপিওর হিসাবরক্ষক কৃষ্ণা কানোজাকে গ্রেফতার করেছে ইয়েরওয়াড়া পুলিশ।পুলিশ সূত্রে খবর কানোজা পুলিশ জেরায় জানিয়েছেন, তিনি শুভদাকে কয়েক দফায় প্রায় চার লাখ টাকা ধার দিয়েছিলেন। সহকর্মী শুভদা তাঁর বাবার চিকিৎসার প্রয়োজনের অছিলায় টাকা নিতেন বলে অভিযোগ তুলেছেন কানোজা।কানোজার সন্দেহ হতেই তিনি শুভদার বাড়ি গিয়ে জানতে পারেন তাঁর বাবা সম্পূর্ণ সুস্থ।ঘটনার দিন কানোজা তাঁদের সংস্থার পার্কিং-এর জায়গায় শুভদাকে ডেকে নিয়ে টাকা ফেরত চান। শুভদা তা প্রত্যাখ্যান করতেই কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন কানোজা। মাটিতে পড়ে কাতরাতে থাকেন শুভদা। প্রথমে আশপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান।
পরে কানোজা কাটারিটি ফেলে দেওয়ার পর সকলে তাঁকে ঘিরে ফেলেন ও তাঁকে মারধর করতে শুরু করেন।








