
পুণের পোর্শেকাণ্ডে নিহতদের পরিবার যেমন আতঙ্কিত, তেমনই ভীত অভিযুক্ত কিশোরও।এমনই মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট। পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের গ্রেফতারিকে অবৈধ দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তের কাকিমা।
শুক্রবার সেই মামলার শুনানি ছিল বম্বে হাইকোর্টে। শুনানি চলাকালীন বম্বে হাইকোর্ট জানিয়েছে, অভিযুক্ত কিশোর বিলাসবহুল গাড়ি দিয়ে দু’জনকে ধাক্কা মারার পর নিজেও আতঙ্কিত এবং তা হওয়াই স্বাভাবিক।উল্লেখ্য, ১৭ মে পুণের রাস্তায় বিলাসবহুল পোর্শে গাড়ির ধাক্কায় মারা যান দুই তরুণ তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, গাড়ির চালক অপ্রাপ্তবয়স্ক এবং ঘটনার সময়ে মত্ত ছিল। কিন্তু ঘটনার পর থেকেই নানা ভাবে ওই কিশোরকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করে তার পরিবার। প্রথমে ওই পরিবারের চালক পুলিশের কাছে দাবি করেন যে, সে দিন কিশোর নয়, গাড়ি চালাচ্ছিল তিনি নিজে। তারপরে জানা যায় যে, দুর্ঘটনার পরে সংগ্রহ করা ওই কিশোরের রক্তের নমুনা সরকারি হাসপাতালেই পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন কিশোরের মা।
