
বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি করে বুথে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শুরু হয়েছে পুনর্নির্বাচন প্রক্রিয়া। সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সেখানকার ভোটাররা।
তবে বারাসত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনে বিক্ষিপ্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাহিনী ও পুলিশ। পাশাপশি ভোট চলছে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদ্দিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের ২৬ নম্বর বুথেও। শনিবার সপ্তম তথা শেষ দফায় এই দুই লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে সে দিন বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর আসে। গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। এরপরই এই দু’টি বুথেই আবার ভোট করানোর সিদ্ধান্ত নেয় কমিশন।








