
আরজি করের চিকিৎসক খুনে পুলিশকে রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সিপি বিনীত গোয়েলের সামনেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন রবিবারের মধ্যে খুনের কিনারা না হলে তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হবে। সোদপুরে নিহত চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলার পরেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশকে দেশের মধ্যে বেস্ট পুলিশ বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন মানুষের স্ট্যাটিসফ্যাকশনের জন্য তিনি সিবিআইকে তদন্তভার দিতে আগ্রহ দেখিয়েছেন। যদিও সিবিআইয়ের সাফল্যের হার নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম, রিজওয়ানুর থেকে রবীন্দ্রনাথের নোবেল চুরির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই মামলাগুলোও সিবিআইয়ের হাতে ছিল যার এখনও কিনারা হয়নি।








