
যুবভারতীর সামনে ফুটবল সমর্থকদের জমায়েতে পুলিশি দমনের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদের দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের একত্রে আবার প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
যে ভাবে পুলিশ রবিবারের শান্তিপূর্ণ অবস্থানের উপর লাঠিচার্জ করেছে, ফুটবল সমর্থকদের যে ভাবে আটক করা হয়েছে, তার বিরোধিতা করেছেন সুখেন্দু শেখর রায়। সেই সঙ্গে দুই প্রধানকে একত্রিত হয়ে গর্জে ওঠার ডাক দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সমস্ত ফুটবল এবং ক্রীড়া সমর্থকের কাছে আবেদন, যুবভারতীর সামনে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক জমায়েতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের পুলিশের গ্রেফতারির বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে হবে। জয় মোহনবাগান, জয় ইস্টবেঙ্গল। রবিবার ডুরান্ড কাপে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। শেষ মুহূর্তে ডার্বি বাতিল করে দেওয়া হয়েছিল। ডার্বি বাতিলের পর যুবভারতীর সামনে সেই প্রতিবাদ জানাবেন বলে জমায়েত হয়েছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হাজারো সমর্থক। পরে জমায়েতে যোগ দিয়েছিল মহামেডান ক্লাবের কিছু সমর্থক। এর আগে যুবভারতী সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে বিধাননগর পুলিশ। অভিযোগ, ফুটবল সমর্থকদের শান্তিপূর্ণ জমায়েতের উপর পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েক জনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের এই দমননীতির বিরুদ্ধেই প্রতিবাদে সরব হয়েছেন সুখেন্দু শেখর রায়।








