
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন যুবক।
পরিবারের দাবি, পুলিশের তোলাবাজির কারণেই মৃত্যু হয়েছে তাঁর। দুর্ঘটনার পর বাসন্তী হাইওয়ের ঘটকপুর মোড় অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় পুলিশ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা নেয়। পুলিশের তোলাবাজির হাত থেকে বাঁচতে দ্রুত বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক। দুর্ঘটনার পর মৃত ওই যুবক এবং আহত যুবককে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ করে। সেখানেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা এবং পরে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়।এরপরই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বেধে যায় স্থানীয়দের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। যদিও তোলাবাজির অভিযোগ খারিজ করে পুলিশ জানিয়েছে হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল, অন্য বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের।









