
শুধু কঠিন কঠিন ইংরেজির পাণ্ডিত্য নয়, সুযোগ পেলে হালকা মেজাজে কোমর বেঁধে নাচও করেন তিনি। নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার তেমনই মুডে ধরা দিয়েছেন প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর।
তাঁর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন তিরুবন্তপুরমের কংগ্রেস প্রার্থী শশী থারুর। পথে ছোট ছোট ছেলে-মেয়েদের নাচতে দেখে সেই দলে ভিড়ে যান প্রার্থী। লাউড স্পিকারে তখন উচ্চস্বরে বাজছে অস্কার জয়ী স্লামডগ মিলিয়নেয়রের বিখ্যাত গান জয় হো। সেই গানের তালে ছোটদের সঙ্গে নাচের আনন্দে মেতে ওঠেন শশী থারুরও।চতুর্থ বারের জন্য সাংসদ হতে কেরলের তিরুঅনন্তপুরম থেকে মনোনয়ন জমা দিয়েছেন শশী থারুর। এই লোকসভা আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজীব চন্দ্রশেখর। ফলে এখানে এবার কড়া টক্করের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অবশ্য একেবারে হালকা মুডেই প্রচার চালাচ্ছেন শশী থারুর। সোশাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও সেটাই স্পষ্ট করে দিচ্ছে।








