
সন্দেশখালির হাল ধরে বিজেপি তাকে প্রার্থী করেছে, সেই রেখা এবার প্রচারে বেরিয়ে নৌকার হাল ধরলেন। সুন্দরবনের কালিন্দী নদীতে ভটভটিতে চেপে প্রচারের সময় নিজেই হাল ধরে নৌকা সামলেছেন।
জনসংযোগে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল আবার পুকুরে জাল দিয়েছেন। জাল টানতেই উঠেছে রুই মাছ। আর জালে মাছ উঠতেই বিষ্ণপুরের তৃণমূল প্রার্থী সুজাতা বলে উঠেছেন এবার ভোটে বড়শিতে বিজেপিকে গাঁথবেন। পিছিয়ে নেই বিজেপির হিরণও। জনসংযোগের ফাঁকে কাস্তে হাতে মাঠে নেমে পড়েছেন হিরণ। মাঠের পাকা ধান কাটতে কাটতে প্রচারও সেরেছেন। জনসংযোগে ট্রেনকে বেছে নিয়েছেন বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা। এ কামরা থেকে সে কামরা ঘুরে ঘুরে যাত্রীদের থেকে ভোট প্রার্থনা করেছেন পিয়া।মালদায় প্রচারে নিজের ডায়লগ বদলে দিলেন মিঠুন চক্রবর্তী। বললেন তৃণমূল কেস দিতে পারে। এর আগে মালদাতেই সাপের ডায়লগ বলে মামলার গোঁড়োয় পড়েছিলেন সেকথা মনে করেছেন মহাগুরু। মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেছেন শিক্ষা থেকে কয়লা, বালি থেকে রেশন কিছুই বাদ দেয়নি তৃণমূল। বলেছেন তাই এবার নিজের ভোট দেওয়ার আগে ৫ মিনিট ভেবে ভোটটা দিতে। যাতে সঠিক প্রার্থী নির্বাচিত হয়। এদিকে গাজোলে সভার আসার পথে চাঁচলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। বিজেপি নেতা অভিনেতার কনভয় দেখে গো ব্যাক স্লোগান দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।









