
প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরি করবে কেন্দ্রীয় সরকার। দিল্লির রাজঘাট তথা রাষ্ট্রীয় স্মৃতি পরিসরে জমি চিহ্নিত করেছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক।আর কেন্দ্রের চিঠি পেয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
পরে এক্স পোস্টে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বাবার জন্য স্মৃতিসৌধ বানাবে। এই খবর জানার পর প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে গিয়েছিলেন তিনি। আরও বড় আনন্দের বিষয় হল, এর জন্য তাঁরা কোনও আবেদন জানাননি। প্রধানমন্ত্রীর এই উদারতা তাঁকে ছুঁয়ে গিয়েছে।শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কথায়, বাবা বলতেন, রাষ্ট্রীয় সম্মান কখনও চাওয়া উচিত নয়, তা প্রাপ্য হলে নিজেই এসে পৌঁছাবে। তিনি অত্যন্ত কৃতজ্ঞ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবার স্মৃতিকে সম্মান জানিয়ে সেই কাজটি করেছেন। বাবা যেখানে আছেন, সেখানে প্রশংসা বা সমালোচনার কোনও প্রভাব পড়ে না। কিন্তু তাঁর কন্যার জন্য, এই মুহূর্তে অনুভূতিকে শব্দে প্রকাশ করা সত্যিই সম্ভব নয়।অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি প্রয়াত হয়েছেন হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগের দিনই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা।
তিনি জানিয়েছিলেন, যে সম্মানের সঙ্গে মনমোহন সিংয়ের শেষকৃত্যু সম্পন্ন হচ্ছে সেই সম্মান প্রণব মুখোপাধ্যায়কে জানানো হয়নি। এমতাবস্থায় কেন্দ্রের নতুন সিদ্ধান্ত ঘিরে রাজনীতির আঙিনায় স্বভাবতই শুরু হয়েছে নতুন চর্চা।
