
প্রতীকী শিরদাঁড়া সামনে রেখে সিপি বিনীত গোয়েলের হাতেই তাঁর পদত্যাগের দাবিতে ডেপুটেশন তুলে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। পরে বাইরে বেরিয়ে তারা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথায় সন্তুষ্ট নন তারা।
তবে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে অবস্থান প্রত্যাহার করে নিচ্ছেন তাঁরা। সিপি-র পদত্যাগের দাবিতে রাতভর অবস্থানের পর দুপুরের দিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কাছে কার্যত নতিস্বীকার করে পুলিশ। দাবি মেনে ফিয়ার্স লেনের ওপর ৯ ফুটের লোহার ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ। এরপর সেখান থেকে আরও ১০০ মিটার যেতে দেওয়া হয় আন্দোলনকারীদের। এরপরেই তাদের মধ্য থেকে ২২ জন প্রতিনিধি দল লালবাজারে সিপি বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে যান। তখন বাইরে অবস্থানে বসে অন্যরা। প্রায় দেড় ঘণ্টা পর লালবাজার থেকে বাইরে বেরিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা জানান ১৪ এবং ১২ তারিখের ঘটনা পুলিশের ব্যর্থতা মেনে নিয়েছেন সিপি। কিন্তু আলোচনায় কোনও সদুত্তর পুলিশ কমিশনারের থেকে তাঁরা পাননি। তাই আর জি করকাণ্ডে ব্যর্থতায় নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করতে হবে সেই দাবিতেই আগের মত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা।





