
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বাড়বে।
এর মধ্যে আটটি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। কয়েকটি জায়গায় শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা।কলকাতা-সহ দক্ষিণের ১৫টি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছেন আবহবিদেরা। সেই সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার থেকে রাজ্যের ছ’টি জেলায় তাপপ্রবাহ চলবে। এই ছয় জেলার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং দুই বর্ধমান। শুক্রবার থেকে তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। এর মধ্যে আটটি জেলা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ বা অতি তীব্র তাপপ্রবাহ চলতে পারে।শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গে যখন ভোট চলবে তখন দক্ষিণের জেলাগুলি তপ্ত হবে দাবদাহে। এমনিতেই গত কয়েক দিনে বাড়তে থাকা গরমে নাভিশ্বাস উঠতে শুরু করেছে দক্ষিণের জেলাগুলিতে। মঙ্গলবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল। পশ্চিম বর্ধমানের পানাগড়ে পারদ চড়েছিল ৪২.৮ ডিগ্রি পর্যন্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিববার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আরও প্রায় ২-৩ ডিগ্রি বাড়বে। এর পাশাপাশি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে তাপপ্রবাহ।
