
প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। বয়স হয়েছিল ৬১ বছর।
বুধবার দুপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে নুরুলের। দীর্ঘদিন লিভার ক্যানসারে ভুগছিলেন। দলীয় সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০০৯-এ তৃণমূলের টিকিটে প্রথমবার ভোটে দাঁড়িয়ে বসিরহাটের সাংসদ হয়েছিলেন নুরুল ইসলাম। ২০১৪-য় জঙ্গিপুর থেকে প্রার্থী হলেও হেরে গিয়েছিলেন। এরপর ফের ২০১৬-য় হাড়োয় বিধানসভায় জয় পান। ২০২১-এ আবারও হাড়োয়ার বিধায়ক হন। ২০১৯-এ বসিরহাট কেন্দ্রে লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু ২০২৪-এ নুসরত জাহানকে আর টিকিট দেয়নি তৃণমূল। সন্দেশখালিকাণ্ডের মধ্যেই এবার বসিরহাট লোকসভা থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছিলেন নুরুল ইসলাম। ক্যানসারের চিকিৎসা করাতে দিল্লির অ্যাপোলো এবং মুম্বইয়ের এইমসেও ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে কলকাতার অ্যাপোলো হাসপাতালেও চিকিৎসা চলছিল তাঁর। এরইমধ্যে আচমকা মৃত্যুর খবর।








