
কেন্দ্রীয় বাজেটের পর সেনসেক্স এবং নিফটি-৫০ বৃদ্ধি পেয়েছে প্রায় ১,৪০০ এবং ৪০০ পয়েন্ট। ফলে সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই মোটা টাকা লাভের মুখ দেখেছেন লগ্নিকারীরা।
মঙ্গলবার ৭৭ হাজার ৬৮৭.৬০ পয়েন্টে খোলে বম্বে স্টক এক্সচেঞ্জ। বাজারে লেনদেন শুরু হওয়ার পর বেশ কিছুক্ষণ নিম্নমুখী ছিল স্টকের সূচক। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উপরের দিকে চড়তে থাকে সেনসেক্স। দিন শেষে এটি পৌঁছে যায় ৭৮ হাজার ৫৮৩.৮১ পয়েন্টে। এদিন মোট ১ হাজার ৩৯৭.০৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। অর্থাৎ ১.৮১ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে বিএসই। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৮ হাজার ৬৫৮.৫৯ পয়েন্টে উঠেছিল সূচক। অন্য দিকে ২৩ হাজার ৭৩৯.২৫ পয়েন্টে পৌঁছে দৌড় থামায় নিফটি-৫০। এই বাজার বৃদ্ধি পেয়েছে ৩৭৮.২০ পয়েন্ট। মঙ্গলবার নিফটিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাঙ্ক, পরিকাঠামো, শক্তি এবং তেল ও গ্যাস কোম্পানিগুলির শেয়ারের দর দু’শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনএসইতে এদিন সর্বাধিক লাভ করেছেন শ্রীরাম ফিন্যান্স, এলঅ্যান্ডটি, আদানি পোর্টস, ভারত ইলেক্ট্রনিক্স এবং ইন্ডাসইণ্ড ব্যাঙ্কের শেয়ারে লগ্নিকারীরা।
অন্য দিকে লোকসান হয়েছে ট্রেন্ট, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, হিরো মোটোকর্প, নেসলে এবং আইশার মোটর্সের বিনিয়োগকারীদের।
