
চিনের চাপ বাড়িয়ে ফিলিপিন্সকে অত্যাধুনিক ব্রহ্মস মিসাইল দিয়েছে ভারত। ভারত থেকে এই ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ গিয়েছে ফিলিপিন্সে।
সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার সামরিক বিমানে ব্রহ্মস মিসাইল ও লঞ্চারগুলো পাঠানো হয়েছে। ফিলিপিন্সের নৌসেনার হাতে ক্ষেপণাস্ত্রগুলো তুলে দিয়েছেন ভারতীয় আধিকারিকরা। পাশাপাশি তাঁরা মিষ্টিমুখ করিয়েছেন ফিলিপিন্সের নৌসেনা আধিকারিকদের। ২০২২ সালের জানুয়ারি মাসে ভারত ও ফিলিপিন্সের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক ফিলিপিন্সকে ব্রহ্মস মিসাইলের ৩টি ব্যাটারি রপ্তানি করার কথা ছিল দিল্লির। ফিলিপিন্সের মতো আর্জেন্টিনা-সহ আরও কয়েকটি দেশ ভারত থেকে এই অত্যাধুনিক মিসাইল কিনতে আগ্রহী।রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ব্রহ্মস মিসাইল। এর গতিবেগ ২.৮ ম্যাক। অর্থাৎ শব্দের থেকেও তিনগুণ দ্রুতগতিতে মিসাইলটি উড়তে সক্ষম। প্রতি সেকেন্ডে এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ব্রহ্মস। যে কোনও টার্গেটে ৯৯.৯৯ শতাংশ নিখুঁত হামলা চালাতে পারে।
