
সোমবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
এই নিয়ে চতুর্থ বার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তিনি। সোমবারও বেশ কিছু নথি নিয়ে দফতরে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি সন্দীপ ঘোষ। কেন বার বার সন্দীপকে তলব করা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার থেকে প্রতিদিনই তাঁকে তলব করেছে সিবিআই। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। সে দিন হাজিরা দেননি তিনি। শুক্রবার কলকাতা হাই কোর্টে সন্দীপের আইনজীবী জানিয়েছিলেন, তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন। পর্যাপ্ত নিরাপত্তার আবেদনও জানিয়েছিলেন। এর পর ওই দিনই রাস্তা থেকে সিবিআইয়ের গাড়িতে উঠেছিলেন সন্দীপ। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তারপর থেকে প্রতি দিনই তাঁকে তলব করা হয়েছে। রবিবার প্রায় সাড়ে ১৩ ঘন্টা সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গভীর রাতে তিনি বাড়ি ফিরেছিলেন। সোমবার সকালেই আবার সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষ।
