
আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনই বন্ধ হয়ে গিয়েছে ডুয়ার্সের বানারহাট-ব্লকের তোতাপাড়া চা বাগান। কাজ হারিয়েছেন প্রায় হাজার খানেক বাগান শ্রমিক।
কাজ হারিয়ে কার্যত আঁধারে শ্রমিক পরিবারগুলি। গোটা ঘটনায় বাগান কর্তৃপক্ষের তরফে শ্রমিক অসন্তোষকেই দায়ী করা হয়েছে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বানারহাটের তোতাপাড়া বাগানে শ্রমিক অসন্তোষ চলছিল। বাগানে কর্মবিরতির কারণ হিসেবে বাগানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তার সঙ্গে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। ২৭ এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায় গিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। এরপর বানারহাট বিডিও অফিসেও একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় মালিকদের তরফে মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেওয়া হবে। সেই মতো মঙ্গলবার সেটা দেওয়াও হয়। তারপরেই হঠাৎ কর্মবিরতি জারি হয়। পুলিশ-প্রশাসনকেও তাঁদের সিদ্ধান্তের কথা মালিকপক্ষ জানিয়ে দেয়।
