
পানাগড়কাণ্ডে এবার গ্রেফতার করা হয়েছে নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মাকে। রাজদেও-র বিরুদ্ধে বারবার বয়ান বদলের অভিযোগ এনেছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা।
সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে গাড়ির চালককে গ্রেফতার করে। ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার বছর ২৭-র সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। প্রাথমিকভাবে অভিযোগ ওঠে একটি সাদা গাড়িতে করে কয়েকজন মদ্যপ যুবক সুতজ্ঞাদের ইভটিজিং করেছিলেন। গাড়ির চালক রাজদেও শর্মা এবং ওই সুতন্ত্রার সহকর্মীরা জানিয়েছিলেন বারবার তাঁদের গাড়িতে ধাক্কা দিচ্ছিল ওই সাদা গাড়িটি। তার জেরে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় সুতন্দ্রার। যদিও পুলিশ সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রথম থেকে দাবি করেছিল এটি ইভটিজিংয়ের ঘটনা নয়, রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটেছে। দিন কয়েক পরেই নিজের বয়ান বদলে রাজদেও ফের দাবি করেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের কথাতেই ১০০ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। বারবার বয়ান বদল করায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় ১ মার্চ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
তাঁর দাবি ছিল সুতন্দ্রার গাড়ির চালক, তাদের সহকর্মী এবং সাদা গাড়ির চালক অভিযুক্ত বাবলুর গাড়িতে যারা ছিলেন তাদের সবাইকে তদন্তের আওতায় আনা উচিত। এরপরেই ভদ্রেশ্বরের দাস পাড়া থেকে রাজদেওকে গ্রেফতার করা হয়েছে।
