
বর্ষা শুরুতেই কলোরা, ডেঙ্গি আক্রান্তের খবরে উদ্বেগ বাড়ছে। বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা বছর ৩৫-র যুবক বমি, পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সেখানেই টেস্টে ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে। একই উপসর্গ রয়েছে আক্রান্ত যুবকের মায়েও। জ্যাংড়া এলাকায় আর কেউ কলেরায় আক্রান্ত হয়েছেন কিনা খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। পানীয় জলে জীবাণু রয়েছে কিনা জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধি দল এলাকায় পৌঁছেছে। এদিকে বর্ষার হাত ধরে রাজ্যে ফিরেছে ডেঙ্গিও। এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা ১২৯। স্বাস্থ্যভবন সূত্রে খবর ২৬ জুন পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩ শো জনেরও বেশি। কলকাতাতেও আক্রান্তের সংখ্যা শতাধিত। আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ১৭৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ২ নম্বরে রযেে মালদা এবং তারপরেই রয়েছে মুর্শিদাবাদ। গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। ১ লাখেরও বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। যা ১২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল। এবার বর্ষার শুরুতেই ১৩ শোর বেশি ডেঙ্গি আক্রান্তের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য ভবনকে।
