
শুক্রবার রাতে উত্তপ্ত বসিরহাটে একটি দোকানে ঢুকে তৃণমূল কর্মী আলতাফ মালিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
গুলি করে পালানোর সময় দুষ্কৃতীরা একটি বোমা ভর্তি ব্যাগ রেখে পালায় বলেও অভিযোগ। ইতিমধ্যে প্রকাশ্যে যে ভিডিয়ো এসেছে, তাতে পরিষ্কার দেখা গিয়েছে, ওই দোকানের বাইরে মোবাইল নিয়ে ঘোরাফেরা করছেন এক ব্যক্তি। এমন সময় আচমকাই দ্বিতীয় এক ব্যক্তি দোকানের বাইরে আসেন। দোকানের ভিতরে হাত ঢুকিয়ে গুলি করেই দৌড়ে পালিয়ে যান।যদিও ভিডিয়োতে দোকানের বাইরে বোমা ভর্তি ব্যাগ রেখে যাওয়ার দৃশ্য ধরা পড়েনি। খবর, সিসিটিভি ভিডিয়োতে গুলি করে যাঁকে পালাতে দেখা গিয়েছে তাঁর নাম আয়ুব গাজি। এর আগে গুলি চালিয়ে খুনের ঘটনায় আয়ুব পাঁচ বছর জেল খেটেছেন বলে স্থানীয় সূত্রে খবর।এরপরেই শুক্রবার রাতে বসিরহাটের পিফা এলাকায় ন্যাজাট রোডে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। শঙ্করপুর এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।স্থানীয়দের দাবি, ওই দোকানেই ওঠাবসা ছিল আয়ুবের।সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। আয়ুবকে খুঁজে বার করতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আলতাফের উপর হামলার ঘটনার নেপথ্যে আর কে বা কারা জড়িত, তা এখন ও জানা যায়নি। হামলার কারণও অস্পষ্ট।









