
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের ঘটনায় হাড়োয়ায় উপনির্বাচনের আগে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটে। অভিযোগ বছর ৪৫-র আনন্দ সরকার নামে ওই ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি চালিয়ে খুন করা হয়। রক্তাক্ত অবস্থায় মাঠে পড়েছিলেন আনন্দ।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীরা আনন্দ সরকারের পূর্ব পরিচিত। এদিকে ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা হুগলির রিষড়ায়। কোন্নগর এবং রিষড়ার মাঝে ব্রহ্মস্থান এলাকায় পরিবহণ ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি আরেক ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারির সঙ্গে কথা বলছিলেন। সেখানেই পিছন থেকে গুলি করে রঞ্জন যাদব নামে এক ব্যক্তি, এমনটাই অভিযোগ। গুলির আওয়াজে স্থানীয় জড়ো হলে পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত রঞ্জন।
রক্তাক্ত অবস্থায় শামসুদ্দিনকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন পুরনো শত্রুতার জেরে ঘটনা ঘটে থাকতে পারে।
ছবি সৌজন্যে : নিজস্ব
