
গভীর রাতে বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর অবস্থায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি। বাঁকুড়ার লালবাজারের মাঝিপাড়া ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলতে থাকে দোতলা বাড়ি। আগুনের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ি একাংশ। স্থানীয়রা জানিয়েছেন বাঁকুড়ার ৬ নম্বর ওয়ার্ড লালবাজারের মাঝিপাড়ার পাল পরিবার অন্য দিনের মত খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এরপরেই তাঁরা দেখতে পান দাউদাউ করে জ্বলছে দোতলা বাড়িটি। স্থানীয়রাই দমকলে খবর দেয়। দমকল পৌঁছনোর আগেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির একাংশ। আটকে পড়েন বাসিন্দারা। ছাদ থেকে ঝলসে যাওয়া দুই মেয়েকে লাফিয়ে প্রাণে বাঁচেন ফুলেশ্বরী পাল।
দগ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নিতাই পাল এবং মীনা পালের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনকে দুর্গাপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
