
বেহাল বাঁধ মেরামতির কাজ পরিদর্শনে গিয়ে গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণগঞ্জ এলাকার হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা।
সেইসময় তাকে ঘরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ক্ষোভের মুখে মেজাজ হারাতেও দেখা গিয়েছে মন্ত্রীকে। এরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর আগে ভয়াবহ ধসে নদীতে জেসিবি নিয়েই তলিয়ে গিয়েছিল চালক। এই ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণগঞ্জ এলাকায়। চালক কোনওক্রমে উদ্ধার হলেও জেসিবিটির কোন খোঁজ নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নদীর বাঁধ সংস্কার করা হলেও বছর ঘুরতে না ঘুরতেই একাধিকবার বিস্তীর্ণ বাঁধের মাটি ধস নিয়ে তলিয়ে গিয়েছে নদীতে।
সম্প্রতি সেচ দফতরের পক্ষ থেকে বাঁধ মেরামতের কাজ চালানোর সময় একশো মিটারের বেশি নদী বাঁধের মাটি নদীগর্ভে তলিয়ে যায়। উৎসবের মরসুমে নতুন করে প্লাবনের আশঙ্কায় ক্ষুব্ধ বাসিন্দারা।
ছবি সৌজন্যে : নিজস্ব
