
বাংলাদেশের অশান্তিতে চিন্তিত ব্রিটেন নিরপেক্ষ তদন্ত চাইলেও সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নীরবই রয়েছে। মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে ব্রিটেন।
সেই বিবৃতিতে ব্রিটেন জানিয়েছে, তারা গত কয়েক দিনে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়। তারা এও চায় যে, ওই তদন্ত হোক রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে স্বাধীনভাবে। যদিও দীর্ঘ ওই বিবৃতিতে শেখ হাসিনার নাম একটি বারও উল্লেখ করেনি তারা। আমেরিকাও বাংলাদেশে রাজনৈতিক পালাবদল এবং তার জন্য হওয়া আন্দোলনে মৃত্যুর ঘটনার তদন্ত চেয়েছে। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমেরিকা মনে করে বাংলাদেশের আইন এবং গণতান্ত্রিক নীতিকে মাথায় রেখেই সেখানে নতুন সরকার গঠন করা হবে। সেখানে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, অবশ্যই তার তদন্ত হওয়া উচিত।পাশাপাশি তিনি জানিয়েছেন, শেখ হাসিনা আমেরিকার সরকারের কাছে আশ্রয় চেয়েছেন বলে অন্তত তাঁর কিছু জানা নেই। বাংলাদেশের রাশিয়ার দূতাবাসের তরফেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে মস্কোর তরফে স্পষ্ট জানানো হয়েছে, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, তা একান্ত ভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে তারা মনে করে। তবে বাংলাদেশ যেহেতু রাশিয়ার বন্ধু দেশ, তাই তারা চায় সেখানে দ্রুত সাংবিধানিক নিয়মনীতি ফিরে আসুক।
