
বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় ধৃত মহম্মদ সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে সিআইডি।
রবিবার সকালে সিয়াম হোসেনকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামেন সিআইডি আধিকারিকেরা। সেখান থেকে উদ্ধার হয় হাড়গোড়। তবে, সেই হাড় বাংলাদেশের সাংসদেরই কিনা তা স্পষ্ট নয়। ফরেন্সিক পরীক্ষায় তা জানা যাবে। সূত্রের খবর, একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলি উদ্ধার করা হয়েছে।হাড়গুলি প্রাথমিক ভাবে দেখে অনুমান, সেগুলি মানুষেরই।সিআইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া মাংসের টুকরো বা হাড়ের ডিএনএ প্রোফাইল করতে আনোয়ারুল আজিমের কন্যাকে বাংলাদেশে তলব পাঠানো হয়েছে। তিনি এসে নমুনা দেবেন বিশেষজ্ঞদের।শুক্রবার বাংলাদেশ সীমান্তের কোনও জায়গা থেকে সিয়াম হোসেনকে গ্রেফতার করে সিআইডি। শনিবার তাঁকে বারাসত আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন। তারপর রবিবার সকালেই সিয়াম হোসেনকে নিয়ে কৃষ্ণমাটিতে যান সিআইডি আধিকারিকেরা। সিআইডি সূত্রে খবর, ১৩ মে আনোয়ারুল আজিমকে খুনের পরে নিউ টাউনের অভিজাত আবাসন থেকে সাংসদের দেহের অংশ ট্রলি সুটকেসে ভরে কৃষ্ণমাটিতে বাগজোলা খালে ফেলে দিয়েছিল সিয়াম হোসেন। সঙ্গে ছিল খুনের মামলায় অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার। জিহাদকে আগেই গ্রেফতার করেছিল সিআইডি।
