
চিরাচরিত সাদা পায়জামা পাঞ্জাবিতে অষ্টাদশ লোকসভায় বাংলায় শপথ নিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
অন্যদিকে, শ্রী হরিচাঁদ এবং শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে বাংলায় শপথবাক্য পাঠ করেছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।সোমবার সংসদ ভবনে বাঙালিয়ানায় ভরপুর ছিলেন বাংলার দুই কেন্দ্রীয় মন্ত্রী। শপথ গ্রহণের অনুষ্ঠানে আঞ্চলিক প্রতিনিধিত্বের ছোঁয়া থাকেই। পাঞ্জাবি সেক্ষেত্রে বাঙালির একেবারে নিজস্ব পোশাক। তাই এদিন বালুরঘাটের এবং বনগাঁর সাংসদকে লোকসভার শপথ অনুষ্ঠানে সেই পোশাকেই দেখেছে গোটা দেশ।অন্যদিকে, লোকসভায় প্রথমবার প্রবেশ করেছেন জুন মালিয়া, সায়নী ঘোষ-সহ একঝাঁক মহিলা সাংসদ। বাংলার তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের সংসদের প্রথম দিনে শাড়িতেই দেখা গিয়েছে।একই সঙ্গে তাদের উচ্ছাসও প্রকাশ পেয়েছে। এদিন লোকসভায় সাংসদ হিসাবে শপথগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্যেরা শপথ নিয়েছেন একে একে। শপথগ্রহণ তত্ত্বাবধান করেছেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব।
