
সংস্কারের জন্য শিয়ালদহ স্টেশনের মেন এবং বনগাঁ শাখায় একাধিক ট্রেন বাতিল হওয়ার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার অফিসের ব্যস্ত সময়ে ট্রেন বাতিল হওয়ার জেরে সময় মতো ট্রেন না চলায় প্রতিটি স্টেশনে উপচে পড়েছে নিত্যযাত্রীদের ভিড়।
ট্রেন এলেও সেগুলিতে দেখা গিয়েছে বাদুড়ঝোলা ভিড়। ফলে ভিড়ের চাপে অনেকেই ট্রেনে উঠতে পারেন নি। বাধ্য হয়ে তাই গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। নিত্যযাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেন বাতিল হয়েছে এবং কোন ট্রেনের যাত্রাপথ বদলেছে, তা কর্তৃপক্ষের তরফে সঠিকভাবে জানানো হয়নি। ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর পড়ে যাওয়ারও খবর পাওয়া গিয়েছে। নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। স্টেশনে ট্রেনের জন্য কাতারে কাতারে মানুষকে অপেক্ষা করতে দেখা গিয়েছে।শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় অনেক ট্রেন চলছে না। যে ট্রেনগুলি চলছে, সেগুলির সব কটি আবার শিয়ালদহ স্টেশনে ঢুকছে না। অনেক ট্রেন দমদম পর্যন্ত আসছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও থেমে যাচ্ছে বহু ট্রেন। এক একটি স্টেশনে ট্রেন আসছে প্রায় ঘণ্টাখানেক পর পর। সেই ট্রেনগুলিতেও তিলধারণের জায়গা নেই। ফলে চরম সঙ্কটে সাধারণ মানুষ।
