
একই পরিবারের তিন জনের গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠেছে পরিবারেরই ছোট ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের গাজিপুরে।
পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন মুন্সি বিন্দ, তাঁর স্ত্রী বেবন্তি বিন্দ এবং তাঁদের জ্যেষ্ঠ পুত্র রামাশিস। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে মুন্সি বিন্দ-র বাড়িতে কাউকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। তাঁরা মুন্সির বাড়িতে যেতেই ভয়ানক দৃশ্য দেখেন। ঘরের মধ্যে নিথর হয়ে পড়েছিলেন মুন্সি, তাঁর স্ত্রী এবং জ্যেষ্ঠ পুত্র। কিন্তু বাড়িতে কনিষ্ঠ পুত্রের কোনও হদিস পাওয়া যায়নি। তখনই তাঁদের সন্দেহ হয়। স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রাতে ঘুমিয়ে থাকার সুযোগ নিয়েই খুন করা হয়েছে। মুন্সির ছোট ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
