
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যখন উত্তাল লালবাজার চত্বর, তখন বামেদের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি শ্যামবাজারে। রাস্তায় বসে পড়ে যান চলাচল স্তব্ধ করে দেন বিমান বসু, মহম্মদ সেলিমরা।
আর জি করের চিকিৎসক খুনের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বাস্থ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন বামেরা। সেই মিছিলে অংশ নেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী। বামেদের মিছিল আটকাতে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। খান্না মোড়ে মিছিল যেতেই বাধা দেয় পুলিশ। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে বামেরা। এরপর কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পৌঁছয় বামেরা। সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিমান বসু, মহম্মদ সেলিমরা।
