
সব্জির গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ ব্যবসায়ীর। ঘটনায় কমপক্ষে তিন জন আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরের সাহাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বারুইপুরের সূর্যপুর হাট থেকে সব্জি কিনে বিক্রির জন্য কলকাতার দিকে গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সেই সময় বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে একটি বালিবোঝাই ট্রাক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সব্জির গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সব্জি বিক্রেতার। আহত হন আরও তিন জন। এর পরেই স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। ঘটনায় বিমল সর্দার নামে লরি চালকের গ্রেফতার করা হয়েছে।
