
ইজরায়েলের সঙ্গে আলোচনায় না বসার জন্য লেবানন সরকারের উপর চাপ তৈরি করছে সে দেশের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। মঙ্গলবার আমেরিকার ওয়াশিংটনে বৈঠকে বসতে চলেছে লেবানন এবং ইজরায়েল।
বৈঠকে মধ্যস্থতা করছে মার্কিন প্রশাসন। কিন্তু সেই বৈঠকে আদৌ কোনও সুরাহা হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে হিজবুল্লা। আপাতত দু’সপ্তাহের যুদ্ধবিরতি চলছে আমেরিকা এবং ইরানের। তবে পশ্চিম এশিয়ার অপর প্রান্তে এখনও সংঘর্ষ চলছে। সংঘর্ষের অভিমুখ বদলে গিয়েছে লেবাননের দিকে। সে দেশের দক্ষিণ প্রান্তে দীর্ঘদিন ধরেই সক্রিয় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লা।
ইরান-ইজরায়েল উত্তেজনা তীব্র হওয়ার আগেই এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে। ২০২৩ সালে হামাস গোষ্ঠীর উপর ইজরায়েলের হামলার পর থেকেই হিজবুল্লার সঙ্গেও সংঘর্ষ শুরু হয় তেল আভিভের। ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার সংঘাত শুরু হওয়ার পর হিজবুল্লা গোষ্ঠী এবং ইজরায়েলের সংঘর্ষ আরও বৃদ্ধি পায়।সম্প্রতি সেই সংঘর্ষের আঁচ গিয়ে পড়েছে লেবাননের রাজধানী বেইরুটেও। সেখানেও হামলা চালিয়েছে ইজরায়েল।







