
রানাঘাটে বিজেপি নেতাদের বাড়িতে ঢুকে মারধর এবং ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের শাসকদল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে অশান্তির জন্য বিজেপিকেই দায়ী করেছে।
বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙা এলাকায় একাধিক বিজেপি নেতার বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত হন বিজেপির এক পঞ্চায়েত সদস্য। বিজেপির দাবি, তাদের নির্বাচনী এজেন্ট শ্রাবন্তী দে-র বাড়িতেও ভাঙচুর চালানো হয়। পায়রাডাঙার গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি তিনি। এই ঘটনায় দু’ঘণ্টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।







