
পুলিশের হাত থেকে বিজেপি বিধায়ককে কর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার শিলিগুড়ি। পুলিশের দাবি আইন ভেঙে বুথের ৩৩ মিটারের মধ্যে ঢুকে পড়েছিলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
এরপরেই বিধায়ককে পুলিশ গ্রেফতার করতে গেলে রুখে দাঁড়ায় বিজেপি কর্মীরা। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের। ওই ফাঁকেই গাড়ি নিয়ে এলাকা ছাড়েন বিজেপি বিধায়ক। তার পিছনে পুলিশের একটি গাড়িও ধাওয়া করে। স্থানীয় সূত্রে খবর ভোটের দিন সকাল থেকেই কর্মীদের নিয়ে ঘুরছিলেন শিখা চট্টোপাধ্যায়। ৩৩ নম্বর ওয়ার্ডে বুথের ৩৩ মিটারের মধ্যে ঢুকে পড়ার অভিযোগে বিধায়ককে বাধা দেয় পুলিশ। ওই ওয়ার্ডের কাউন্সিলর মেয়র গৌতম দেব। শিখা চট্টোপাধ্যায়ের দাবি মেয়রের ওয়ার্ডের জন্যই তাঁকে বাধা দিয়েছে পুলিশ। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। বিজেপি বিধায়ক বুথের নির্দিষ্ট পরিধি অতিক্রম করেছিলেন কিনা, কিনবা ভোটারদের প্রভাবিত করছিলেন কিনা সবটাই খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। এর আগে ডামগ্রাম পশ্চিম ধানতলায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে।
