
দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, তবে প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ। থামছেই না বৃষ্টি। যার জেরে এখনও বিপর্যস্ত সিকিম, দার্জিলিং, কালিম্পং।
সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টি, ফের জল বাড়ছে তিস্তার।সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার ওপরে বইছে। জলের তোড়ে সিকিমের দিক থেকে কালিম্পঙের তারখোলায় ভেসে এসেছে মৃতদেহ। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। যারফলে ফের বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। গাড়ির লম্বা লাইন, আটকে পড়েছেন পর্যটকরা। ঘুরপথে দার্জিলিং-কালিম্পঙে চলছে যান চলাচল। আবহাওয়া দফতর দুর্যোগ চলবে বলে জানানোয় সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। এর আগে কালিম্পঙের বালুখোলা ও লিখুভিরে ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়েছিল। গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও ধস নেমেছিল। এমনকী লাচুংয়ে প্রায় ২ হাজার পর্যটক আটকে থাকার খবর পাওয়া গেছিল। আলিপুর আবহাওয়া দফতরের খবর, এ সপ্তাহে বৃষ্টি দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যের প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কাও রয়েছে।
