বিবাহ বহির্ভূত সম্পর্কে চিড়, আমেঠিতে ৪ খুনে নতুন রহস্য  

0
150
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই উত্তরপ্রদেশের আমেঠিতে এক দম্পতি এবং তাঁদের দুই কন্যাকে খুন করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতার করে এমনই জানিয়েছে পুলিশ। ধৃতের দাবি, প্রায় বছর দেড়েক ধরে গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর।
আমেঠীর পুলিশ সুপার অনুপ সিং জানিয়েছেন, জেরার সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন,অভিযুক্ত জানিয়েছেন মহিলার সঙ্গে প্রায় দেড় বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সেই সম্পর্কে সম্প্রতি তিক্ততা তৈরি হয়েছিল এবং তা নিয়ে মানসিক চাপে ভুগছিলেন অভিযুক্ত। অনুমান করা হচ্ছে, সেই কারণেই ওই পরিবারের সদস্যদের খুন করেছেন তিনি। এর পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন, কিন্ত ব্যর্থ হন বলে খবর।ওই খুনের ঘটনার পর আরও একটি বিষয় প্রকাশ্যে আসে। মাস দুয়েক আগেই ধৃতের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন গৃহবধূ। অভিযুক্ত তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের খুন করার পর দিল্লিতে পালানোর চেষ্টা করছিলেন অভিযুক্ত। সেই সময়েই শুক্রবার জওহর টোল প্লাজ়ার কাছে তাঁকে গ্রেফতার করে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর পরে শনিবার অপরাধে ব্যবহৃত পিস্তল ও মোটরবাইক উদ্ধারের জন্য অভিযুক্তকে আমেঠীতে নিয়ে গিয়েছিল পুলিশ।